গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুরের বাঘেরবাজার এলাকার স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।
জয়দেবপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। আশপাশের বাসিন্দাদেরও নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।
কারখানা মালিকপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—কারখানার যন্ত্রপাতি অথবা সংরক্ষিত তেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, “উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম ঘটনাস্থল থেকে জানান, “আগুন নেভানোর কাজ অব্যাহত আছে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পূর্ণ পরিমাণ জানা যাবে।
