নিজস্ব প্রতিবেদক :
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নকলমুক্ত করার সফল উদ্যোগের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তন-এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নকলবিরোধী কার্যক্রম যেভাবে কচুয়া থেকে শুরু হয়ে সফলতা পেয়েছে, একইভাবে মাদকবিরোধী কার্যক্রমও কচুয়া থেকেই শুরু করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হলে শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস বা ইভটিজিংয়ের কোনো স্থান থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত যাত্রা শুরু করবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র। শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।
এর আগে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
