
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের জলতরঙ্গ পয়েন্টে এ ঘটনা ঘটে।
ভেসে যাওয়া দুই পর্যটকের মধ্যে ইয়াছিন খানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর পর্যটক ইব্রাহিম খান এখনো নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিচকর্মীরা জানান, দুপুরে ইয়াছিন ও ইব্রাহিম খান সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে ইয়াছিন খানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিখোঁজ ইব্রাহিম খানের সন্ধানে লাইফগার্ড ও বিচকর্মীরা সমুদ্রে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
