• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

এসএসসি ফল পুনঃনিরীক্ষণে নতুন নিয়ম, প্রতি পত্রে ফি ১৫০ টাকা

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হয়েছে। ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। তবে এবার পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ায় এসেছে নতুন পদ্ধতি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত পুনঃনিরীক্ষণ পোর্টালে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

আবেদনের পর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। সেখান থেকে যে এক বা একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি প্রযোজ্য হবে।

দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করতে হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের নিয়ম জানতে পুনঃনিরীক্ষণ পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে বিস্তারিত নির্দেশনা দেখা যাবে।

ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।(https://rescrutiny.eduboardresults.gov.bd)

বোর্ড জানিয়েছে, একবার আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় পুনঃনিরীক্ষণের জন্য যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করা হলে নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পুনঃনিরীক্ষণের আবেদন: ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত
ফি: প্রতি পত্রে ১৫০ টাকা
আবেদনের মাধ্যম: অনলাইন(https://rescrutiny.eduboardresults.gov.bd)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights