
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশকে পরিবেশবান্ধব ও সবুজ রাষ্ট্রে রূপান্তর করতে দেশবাসীর সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং প্রতিটি মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি প্রাণী ও মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ ও নিরাপদ জীবন গড়তে পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের বিকল্প নেই।
তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, পরিবারে নতুন কোনো শিশুর জন্ম হলে সেই আনন্দ স্মরণীয় করে রাখতে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে শিশুর পাশাপাশি একটি গাছও বেড়ে উঠবে এবং সমাজে সবুজায়নের সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘গ্রিন ভলান্টিয়ারিজম’ কর্মসূচি চালু করা হয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি দেশের বিভিন্ন স্কুলে একযোগে প্রায় ৯০ হাজার গাছ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫ ও বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার-২০২৬ প্রদান করেন। পাশাপাশি বনায়ন কর্মসূচির অংশীদারদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।
এ বছরের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’।
