• মে ২৬, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদে বাড়ি ফেরা হলো না, টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল ১৭ জনের

ByShirso aparadh

মে ২৫, ২০২৬

গৌরাঙ্গ বিশ্বাসঃ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে টাঙ্গাইলের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার চুল ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন তারা। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকটি সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশের গভীর খাদে উল্টে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় এবং মরদেহ উদ্ধার করে।

নিহতদের মধ্যে ১৩ জন নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র ও ভেবড়া গ্রামের বাসিন্দা। তারা সবাই পেশায় চুল ব্যবসায়ী ছিলেন। একসঙ্গে এতজনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে দুই গ্রামের পরিবেশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। ঈদের আনন্দের বদলে পরিবারগুলোতে এখন শোক আর আহাজারি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights