
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদে আবারও কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ হিসেবে ঘোষণার জোর দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট, নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
ড. মোশাররফ বলেন, বিগত সরকারের সময়ের অনিয়ম, ভঙ্গুর অর্থনীতি এবং বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও বর্তমান সরকার যে বাজেট প্রস্তাব করেছে, তা প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, এই বাজেট দেশের অর্থনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনিয়োগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইতোমধ্যে ১১টি বড় চীনা কোম্পানি বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।
নিজ নির্বাচনী এলাকা ও কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে তিনি দীর্ঘদিনের দাবির কথা পুনর্ব্যক্ত করে বলেন, কুমিল্লাকে ‘কুমিল্লা’ নামেই বিভাগ হিসেবে দ্রুত ঘোষণা করা উচিত। তিনি স্মরণ করিয়ে দেন, চলতি বছরের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও একই দাবি উত্থাপন করেছিলেন।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে ড. মোশাররফ ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমাতে ‘ঢাকা-কুমিল্লা রেলওয়ে কর্ড লাইন’ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এছাড়া তিনি ঐতিহাসিক কুমিল্লা বিমানবন্দর সংস্কার করে দ্রুত চালু করা এবং দাউদকান্দিকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে উন্নীত করার দাবিও উত্থাপন করেন।
সংসদীয় গণতন্ত্র নিয়ে বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন পর জনগণ অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ড. মোশাররফ টানা চতুর্থবার সরকার গঠন করায় বিএনপি এবং দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও শুভেচ্ছা জানান।
বক্তব্যের একপর্যায়ে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, প্রবীণ রাজনীতিবিদ, পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গত ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।
