রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে যায়।
প্রতিষ্ঠানটির প্রশাসক ব্রিগেডিয়ার (অব.) আশরাফ আলী জানান, আগুনে শুধু বীজ পেষণকারী বিভাগের বিভিন্ন মেশিনারিজ ও কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোটি টাকার ক্ষতি হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন অন্য বিভাগে ছড়িয়ে পড়তে পারেনি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
