রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে স্ত্রীর নাম আসায় তাকেও গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, “চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আজ আদালতে তা জমা দেওয়া হবে। বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়েও আলোচনা চলছে। শুধুমাত্র এই মামলার জন্য একজন বিশেষ পিপি নিয়োগ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সবকিছু বিবেচনায় আশা করছি, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচার কার্য সমাপ্ত হবে।”
সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে অপসংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংগঠনের নেতারা।
