মো. শাহাদাত হোসেন তালুকদার সাকু:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী ইশরাক হোসেন। অপরদিকে, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান ড. কে এম আই মন্টি।
সংগঠন সূত্রে জানা গেছে, এই পূর্ণাঙ্গ কমিটি তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ দেশ ও জনগণের স্বার্থে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ড. কে এম আই মন্টি কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের কাজির কোনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কে এম আই খলিলের কনিষ্ঠ পুত্র।
তার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে দাউদকান্দিসহ পুরো কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন।
তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, ড. মন্টির মতো একজন মেধাবী, উচ্চশিক্ষিত ও দক্ষ সংগঠক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আগামী দিনে রাজপথের আন্দোলনে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
