• সোম. আগ ১০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবক নিহত; আটক ১৭

ByShirso Aparadh

আগ ১০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মবদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মবদুল ইসলাম ওই এলাকার আব্দুল সেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল সেখ ও শুক্কুর আলীর মধ্যে প্রায় ৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠক এবং ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে শুনানিও হয়েছে।

সোমবার দুপুরে শুক্কুর আলীসহ কয়েকজন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করে রোপা আমন চাষের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আব্দুল সেখের ছেলে মবদুল ইসলাম ও তাঁর স্বজনরা সেখানে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় মবদুল ইসলামকে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষে জড়িত দুই পক্ষের ১৭ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে লাঠিসোঁটা ও সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষের ১৭ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, দুই থেকে তিনজন ব্যক্তি পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে মামলায় আসামির সঠিক সংখ্যা জানা যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights