• শনি. আগ ৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বিদ্যুৎ-জ্বালানি সংকট কাটাতে সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

আগ ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৃষ্ট সংকটের খেসারত এখন দেশ ও জনগণকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জনগণকে ধীরে ধীরে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে বের করে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলোর বাস্তবায়নও শুরু হয়েছে।

তিনি বলেন, আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব এখন জনগণকে মোকাবিলা করতে হচ্ছে। পরিস্থিতি উত্তরণে সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনও সক্রিয় রয়েছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, একটি চক্র কৌশলে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যও ছড়ানো হচ্ছে।

স্বাস্থ্য খাতে ব্যাপক উদ্যোগ

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতিতে বিশ্বাস করে। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, সারাদেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিকিৎসকদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর এবং অবসরের বয়স ৬৫ বছর করার প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত ই-হেলথ কার্ড চালু করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করার চেষ্টা চলছে।

চিকিৎসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসার পাশাপাশি তাদের সঙ্গে মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক ভূমিকা পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর এ সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির নেতাকর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights