ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নগনান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত হন।
খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
