• শুক্র. সেপ্টে ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

BySarker

সেপ্টে ২, ২০২৬

‘ফরিদগঞ্জ বিএনপিকে ঐক্যবদ্ধ করাই আমার মূল লক্ষ্য’—মোতাহার হোসেন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ সদরে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা দলীয় ও জাতীয় পতাকা, দলীয় প্রতীক নিয়ে অংশ নেন। র‌্যালিতে নেতাকর্মীদের উৎসবমুখর উপস্থিতি দেখা যায়।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের একসঙ্গে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।

এর আগে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী।

র‌্যালি শেষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ফরিদগঞ্জের প্রধান সমন্বয়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিআইপি মোতাহার হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ মানুষ একটি স্বৈরশাসনের মধ্যে অবরুদ্ধ ছিল। কথা বলার স্বাধীনতা ছিল না। বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দেড় দশকের বেশি সময় পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিগত সরকার দেশের শৃঙ্খলা নষ্ট করে গেছে। সেই বিশৃঙ্খল পরিবেশকে শৃঙ্খলায় আনতে সময় লাগবে। বিএনপি অবশ্যই জনগণের ভালোবাসার প্রতিদান দেবে।’

তারেক রহমান প্রসঙ্গে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রক্তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। জিয়াউর রহমানের সন্তান জিয়াউর রহমানের মতোই হবেন।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের পরম সৌভাগ্য, আমরা জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক পেয়েছি। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য রাষ্ট্র তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করেছে।’

মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, ‘আজ তাঁর প্রতিষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদি দলের নেতৃত্ব পাই, দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। সকল নেতাকর্মীকে একত্রিত করাই হবে আমার মূল লক্ষ্য।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ও সাবেক সদস্য সচিব আব্দুল মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দলটি বিভিন্ন রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে এসেছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights