• শুক্র. জুলা ১৭, ২০২৬

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ByShirso aparadh

জুলা ১৬, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা থানাধীন সড়াডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন বুলু খাতুন। রাজ শেখ পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ী গ্রামের জামাল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক নারীর মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার দিকে যাচ্ছিল। পথে সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ ও বুলু খাতুনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের আরও কয়েকজন যাত্রী আহত হন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা অপর মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে যানবাহন সরিয়ে নেওয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে স্বাভাবিক চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights