• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, শপথ নিলেন রাতেই

Byadmin

সেপ্টে. ১৩, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক:
ইতিহাস গড়লো হিমালয়ের দেশ নেপাল। দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট রাম সহায় যাদব, প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাওয়াত, সেনাপ্রধান অশোক রাজ সিগদেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবও নবনিযুক্ত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

নির্বাচন ঘোষণা

কার্কির শপথ গ্রহণের পরপরই দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আগামী ৫ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হবে ভোট।

রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপট

টানা তিন দিনের বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতনের পর নতুন নেতৃত্ব খোঁজে নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের ‘জেন-জি আন্দোলন’ এই পরিবর্তনের মূল চালিকা শক্তি।

প্রথমে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা গেলেও শেষ পর্যন্ত সর্বসম্মত সমর্থন পান কার্কি। প্রকৌশলী কুলমান ঘিসিং এবং জনপ্রিয় র‌্যাপার ও কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহের নামও আলোচনায় আসে। তবে শাহ স্পষ্টভাবে কার্কির পক্ষে সমর্থন জানান।

সুশীলা কার্কির যাত্রা

৭২ বছর বয়সী কার্কি ২০১৬ সালে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হন। দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান, সততা ও নিরপেক্ষতার জন্য তিনি জনমনে ব্যাপক আস্থা অর্জন করেন। ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতেও তিনি পিছপা হননি।

যদিও বিচারপতি থাকাকালে তাকে অভিশংসনের মুখোমুখি হতে হয়েছিল, যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখা হয়। জনমতের চাপেই সে প্রক্রিয়া ভেস্তে যায়।

সামনে চ্যালেঞ্জ

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্কির প্রধান দায়িত্ব হবে অস্থির নেপালকে নির্বাচনের পথে এগিয়ে নেওয়া। তরুণ প্রজন্মের প্রত্যাশা, তার নেতৃত্বে দেশ দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন দিগন্তে পৌঁছাবে।

ওলির অবস্থান অজানা

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কোথায় আছেন তা এখনও নিশ্চিত নয়। কেউ বলছেন তিনি দুবাইয়ে, আবার কেউ দাবি করছেন তিনি আত্মগোপনে। তবে নেপালের সেনাবাহিনীও তার অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights