আন্তর্জাতিক ডেস্ক:
দিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লি-তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। দুই দেশের মধ্যে চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং নতুন প্রকল্প গ্রহণ নিয়েও মতবিনিময় হয়।
এছাড়া সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতেও আলোচনা হয়েছে বলে জানা গেছে। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থ রক্ষায় সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ ও ভারতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় দেশ ভবিষ্যতেও উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখা, কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।
