
রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি |
৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে ধানসিঁড়ি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রামের উপ-নিবন্ধক (বিচার) জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর হোসেন এবং সমবায় কার্যালয়, কুমিল্লার পরিদর্শক ও দাউদকান্দি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন।
কর্মসূচিতে ধানসিঁড়ি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি রুমান মিয়াজী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজীসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে তেমনি দেশের সবুজায়নও বাড়ানো যায়। তাই সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
ধানসিঁড়ি শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ জানান, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
