
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ সংরক্ষণবিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে নদীদূষণ প্রতিরোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করে জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, শিল্পকারখানা থেকে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধে প্রতিটি কারখানায় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপনের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হবে। পরিবেশ দূষণ রোধে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, “নদী বাঁচলে মানুষ ও পরিবেশ বাঁচবে। তাই নদীদূষণ প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ঢাকার চারপাশের নদীগুলোকে কেন্দ্র করেই এই কার্যক্রম শুরু হবে।
পরিবেশবিদরা মনে করছেন, কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন, শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগই ঢাকার নদীগুলোকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
