• বুধ. জুলাই ১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ByShirso aparadh

জুলাই ১, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ

দেশজুড়ে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে রাজধানী ঢাকা থেকে সারাদেশের সব পরীক্ষা কেন্দ্র সরাসরি মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে গড়ে তোলা হয়েছে বিশেষ সিসিটিভি মনিটরিং সেল। এই সেল থেকে দেশের যেকোনো প্রান্তের যেকোনো পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।

মন্ত্রী আরও বলেন, প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এতে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি জানান, মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা ২১ কার্যদিবসে সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী।

এবার সারা দেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এবং ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights