• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

Byadmin

মার্চ ১২, ২০২৬

শাব্বির আহমদ,খুলনা জেলা প্রতিনিধি:

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তাবটি সমর্থন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের প্রস্তাবটির প্রতি সমর্থন জানান। একই অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

সে নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি এবং সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই।

সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুসারেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights