• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

চট্টগ্রাম বোর্ডে আগামীকালের এইচএসসি আইসিটি পরীক্ষা স্থগিত

BySarker

জুলা ১০, ২০২৬

শেখ ফরিদ উদ্দিনঃ

আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামীকালের (১১ জুলাই ২০২৬, শনিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি-র ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকালের আইসিটি পরীক্ষাটি স্থগিত করা হলো। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে একটি বিশেষ দ্রষ্টব্য দিয়ে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয়ভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যাতে পরীক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ দ্রুত এই সিদ্ধান্তের কথা জানতে পারেন।

এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কেন্দ্র প্রধানদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights