চট্টগ্রাম জেলা প্রতিবেদক : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নয়তলা ভবনটির একাংশে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার কিছু পরেই ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, শিল্প পুলিশ ও ইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ এবং ইপিজেড কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা
