• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সেবা সহজীকরণে ৭ দফা নির্দেশনা জারি

Byadmin

নভে. ১০, ২০২৫

★আবাসিক প্লট ও ফ্ল্যাটের ক্রয়, দান, হেবা, নামজারি, হস্তান্তর, আম-মোক্তার বা ঋণ অনুমতির ক্ষেত্রে লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন গ্রহণের প্রথা বাতিল

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ১০ নভেম্বর ২০২৫

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আবাসিক প্লট ও ফ্ল্যাট সংক্রান্ত সেবা সহজীকরণে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর উন্নয়নকৃত আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তর-পরবর্তী ব্যবস্থাপনায় দুর্ভোগ ও হয়রানি দূর করতে এবং দুর্নীতি রোধে ৭ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

আজ (সোমবার) মন্ত্রণালয়ের উপসচিব ড. মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে আবাসিক প্লট বা ফ্ল্যাটের ক্রয়, দান, হেবা, নামজারি, হস্তান্তর, আম-মোক্তার দলিল সম্পাদন বা ঋণ গ্রহণের অনুমতির ক্ষেত্রে আর লিজদাতা প্রতিষ্ঠানের অনুমোদন নিতে হবে না। এ প্রথা বাতিল করা হয়েছে।

তবে লিজ দলিলের অন্যান্য শর্ত, যেমন—প্লট বিভাজন, একাধিক প্লট একত্রিকরণ কিংবা প্লট বা ফ্ল্যাটের ব্যবহার শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

প্রজ্ঞাপনের গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:

  1. লিজ অনুমোদন প্রথা বাতিল: আবাসিক প্লট বা ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর বা দান-হেবা সংক্রান্ত কার্যক্রমে আর লিজদাতার অনুমোদন লাগবে না।
  2. ফি পরিশোধের নতুন নিয়ম:
    প্লট হস্তান্তরে দলিলমূল্যের ৩%
    ফ্ল্যাট হস্তান্তরে দলিলমূল্যের ২% ফি সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে জমা দিতে হবে।
  3. রেকর্ড হালনাগাদ: দলিল সম্পাদনের ৯০ দিনের মধ্যে সার্টিফাইড কপি লিজদাতা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। দেরি হলে দৈনিক ৫০ টাকা হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
  4. স্বয়ংক্রিয় নবায়ন: লিজ মেয়াদ (৯৯ বছর) শেষে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে, আলাদা অনুমোদন লাগবে না।
  5. বাণিজ্যিক প্লটে পুরনো নিয়ম বহাল: প্রাতিষ্ঠানিক, বাণিজ্যিক ও শিল্প প্লট বা ফ্ল্যাটের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
  6. বিতর্কিত সম্পত্তিতে অনুমোদন বাধ্যতামূলক: যেসব সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত বা আইনি জটিলতা রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পূর্বানুমতি নিতে হবে।
  7. তফসিল প্রকাশ: কোন কোন প্লট ও ফ্ল্যাট এ নীতির আওতায় পড়বে, তা শীঘ্রই তফসিল আকারে প্রকাশ করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জনগণ দ্রুত ও স্বচ্ছভাবে প্লট-ফ্ল্যাট সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন এবং প্রশাসনিক জটিলতা ও দুর্নীতির সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights