• শনি. আগ ৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’

ByShirso Aparadh

আগ ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল নয়, বরং এটি দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটি কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আন্দোলন ও গণঅভ্যুত্থানকে আমাদের অর্জন করতে হয়েছে।’

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরোনো বন্দোবস্তের ধারায় হাঁটছেন। তাদের সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করা হয়, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ। এটা এত সহজ নয়।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি মনে করেন মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই, তাহলে সেটিও রাজনৈতিক অপরিপক্বতা। রাজনীতির মাঠের প্রাইমারি স্কুলের বাল্যশ্রেণির ছাত্র হিসেবে যদি সবকিছু বুঝে নিয়েছি—এমনটা বলা হয়, তাহলে নতুন দলের নতুন বন্ধুদের বলব, পুরোনো বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতিও বাংলাদেশে আর হবে না।’

দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গীদের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের বন্ধুরা যারা গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘদিনের সঙ্গী ছিলেন, কখনো কখনো তারা লুকিয়ে বা অন্যভাবে আন্দোলনে শরিক ছিলেন। প্রকাশ্যে তারা খুব বেশি মাঠে-ময়দানে আন্দোলন করেননি। আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে-ময়দানে রাজনীতি করব—এটাই হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু এমন কোনো চর্চা করব না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়।’

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে ছিনতাই করতে চান এবং এর ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চান, তাদের আমরা অনেকবার বলেছি—চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়েছে। একাত্তরের চেতনা বিক্রির রাজনীতিও বাংলাদেশে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে—এটা একটা প্রবাদ হয়ে গেছে। প্রবক্তা আমি হলেও, প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights