• বৃহস্পতি. জুলাই ৯, ২০২৬

খুলনা প্রেসক্লাবে হামলা, সাংবাদিক লাঞ্ছিত—প্রতিবাদে সড়ক অবরোধ

Byadmin

এপ্রিল ২৭, ২০২৬

নাহিদা আক্তার লাকি :
খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবে নির্বাচনী প্রচারণা ও আনুষঙ্গিক কার্যক্রম চলছিল। এসময় হঠাৎ একদল বহিরাগত যুবক অতর্কিতভাবে প্রেসক্লাবে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা মারমুখী ভঙ্গিতে ক্লাব প্রাঙ্গণে ঢুকে পড়ে। তারা সভাপতি পদপ্রার্থী ও খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোস্তফা সরোয়ারের নাম ধরে অশালীন গালিগালাজ করতে থাকে।
এসময় উপস্থিত সাংবাদিকরা বাধা দিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও একটি বেসরকারি টেলিভিশনের খুলনা প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলামসহ কয়েকজন সংবাদকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ঘটনার প্রতিবাদে খুলনার সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদিক নেতারা এ ঘটনাকে গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights