
ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ,খুলনা প্রতিনিধি:
খুলনা জেলা কারাগার-২ থেকে নিরাপত্তা দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ জরুরি তৎপরতা শুরু করে এবং পলাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
কারা সূত্রে জানা যায়, ইমন মাঝি খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার আবদুল মাঝির ছেলে। তিনি জিয়া মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইমন প্রথমে কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন একটি বাথরুমের ছাদে ওঠেন। পরে সেখান থেকে কৌশলে পূর্ব পাশের উঁচু নিরাপত্তা প্রাচীর টপকে কারাগারের বাইরে পালিয়ে যান। কিছু সময় পর বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু হয়।
কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি হাজতি হিসেবে খুলনা জেলা কারাগারে আটক ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক হাজতিকে দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। একই সঙ্গে এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
