
কক্সবাজার প্রতিবেদক,
কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন—মহেশখালী উপজেলার ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধান এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
