
বরিশাল বিভাগীয় ব্যুরো
উজিরপুর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কিশোরীদের নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা। বেলা ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জান্নাত-ই-আলম। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর হোসেন। তাঁদের বক্তব্যে উঠে আসে কিশোরীদের আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজিরপুর এরিয়া প্রোগ্রামের সিডিও আহসান সুমন। এসসয় শুভেচ্ছা বক্তব্য দেন সিআরএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি কিশোরীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কিশোরীদের সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে হবে, আর এই ধরনের আয়োজন সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং স্পেশালিস্ট সিনথিয়া তন্বি, সিআরএসএস-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ্যানিমিতা, জেভিয়ার বিশ্বাস, জেমস সানি বৈারগীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠানে প্রায় ১০০ জন কিশোরী অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণে পুরো পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত। আলোচনা সভায় সফল নারীদের জীবনের গল্প তুলে ধরা হয়, যা কিশোরীদের জন্য অনুপ্রেরণার এক গুরুত্বপূর্ণ উৎস হয়ে দাঁড়ায়।
“আমরা করব জয় একদিন”-এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে কিশোরীদের মাঝে ছড়িয়ে দেওয়া হয় আত্মবিশ্বাস ও সাহসের বার্তা। বক্তারা বলেন, জীবনের কঠিন সময়কে জয় করে যারা এগিয়ে গেছে, তারাই একদিন সফলতার শিখরে পৌঁছেছে।
অনুষ্ঠানের মূল বার্তা ছিল-স্বপ্ন যদি অটুট থাকে এবং বিশ্বাস যদি দৃঢ় হয়, তাহলে কোনো বাধাই সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই আয়োজন কিশোরীদের মনে নতুন আশা ও সম্ভাবনার আলো জ্বালিয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/