
বরিশাল বিভাগীয় ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম ধামুরা এলাকার গৃহবধূ মোসা. কলি আক্তার তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে উজিরপুর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল এবং সর্বশেষ মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে ইসলামী শরিয়াহ ও কাবিন রেজিস্ট্রেশনের মাধ্যমে উত্তর ধামুরা এলাকার মো. মেহেদী হাসান মিরাজের সঙ্গে কলি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের পরিবার থেকে প্রায় দুই লাখ টাকার উপঢৌকন দেওয়া হয়। পরে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়।
বাদীর দাবি, সন্তান জন্মের পর থেকেই স্বামী মেহেদী হাসান মিরাজ ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত তিন লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য তাকে নিয়মিত চাপ দেওয়া হতো। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।
একপর্যায়ে বিষয়টি পরিবারের কাছে জানালে কলির বাবা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যবসার জন্য এক লাখ টাকা দেন। তবে অভিযোগ রয়েছে, সেই টাকা বিভিন্নভাবে শেষ করে ফেলার পর আবারও বাকি দুই লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ এপ্রিল বিকেলে স্বামীর বাড়িতে আবারও দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। এতে অস্বীকৃতি জানালে স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা লাঠি, কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন। এমনকি চুল ধরে টানাহেঁচড়াও করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এতদিন চুপ থাকলেও সর্বশেষ মারধরের ঘটনায় তিনি আর নীরব থাকেননি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে এবং এলাকায় গিয়ে কথা বলে অভিযোগের সত্যতা সম্পর্কে একাধিক ব্যক্তির কাছ থেকে একই ধরনের তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এলেও অভিযুক্তদের ভয়ভীতির কারণে কেউ সরাসরি বাধা দিতে সাহস পাননি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এ ঘটনায় ভুক্তভোগী আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/