
বরিশাল বিভাগীয় ব্যুরো
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত একটি সাইক্লোন শেল্টারের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতের আঁধারে প্রায় দুই টন রড চুরির এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানিয়েছেন, সাইক্লোন শেল্টার নির্মাণের ঠিকাদার মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পরই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রথমে দুইজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। পরে তদন্তের ধারাবাহিকতায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়, যার নাম মজিবর রহমান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে চুরির ঘটনায় স্থানীয় আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই কিছু ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় নতুন করে সেই বিষয়টি আলোচনায় এসেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পুরো চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/