• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন

Byadmin

ফেব্রু. ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জুন। এ পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ ও সাইপ্রাস। আলোচনায় থাকা ফিলিস্তিন শেষ পর্যন্ত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় প্রতিদ্বন্দ্বিতা মূলত বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। একই সঙ্গে ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণা জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোকে সক্রিয়ভাবে প্রচারণা চালাতে বলা হয়েছে।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে। তার আগে ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আঞ্চলিক আবর্তন নীতিমালা অনুযায়ী, এবার এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে সভাপতি নির্বাচিত হওয়ার কথা।

৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে আসন ছেড়ে দেওয়ার বিষয়ে কিছুদিন ধরে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফিলিস্তিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি দেশের কূটনৈতিক চাপে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ফলে বাংলাদেশের পাশাপাশি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।

উল্লেখ্য, ২০২১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সহসভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করে বাংলাদেশ। প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। তাঁর পর দীর্ঘ সময় পর আবারও এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ প্রার্থী দিয়েছে, যা দেশের কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights