ডিজিটাল ডেস্ক :
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ত্যাগ করে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার (২০ ডিসেম্বর) জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যুতে সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হবে। এদিন সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। তিনি আরও জানান, শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
তিন দিনের মাথায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর দেশে পৌঁছায়। তার মৃত্যুতে দেশে-বিদেশে সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।
