নিজস্ব প্রতিবেদক :
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’। এ বছরের প্রতিপাদ্য— ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’। বিশ্বব্যাপী প্রায় ১৭০টি দেশে দিবসটি উদযাপিত হয়।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর দিনটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ ঘোষণা করে। আর ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ বাংলাদেশ সরকারের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত করলে ২০০৭ সাল থেকে আন্তর্জাতিকভাবেই দিবসটি পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও আইডিএফ-এর তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে মারা যায় এবং একই সময়ে দুইজন নতুন রোগী শনাক্ত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগ বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ৪র্থ তলায় হ্রাসকৃত মূল্যে হার্ট, নিউরো ও ভাসকুলার ক্যাম্প চলছে।
আগামীকাল ১৫ নভেম্বর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বারডেম, এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্রে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। এ ছাড়া আজ ও আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বারডেমে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও চলবে।
ডায়াবেটিস বিষয়ে গণসচেতনতা বাড়াতে বিভিন্ন দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, পোস্টার, লিফলেট, স্টিকার এবং ‘কান্তি’ ও ‘ডায়াবেটিস নিউজলেটার’-এর বিশেষ সংখ্যাও প্রকাশ করা হচ্ছে।

