একরামুল হক :
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সর্বস্তরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল লতিফ জনি।
গত ৩ অক্টোবর (শুক্রবার) দরবারে খাজা বারাহিগুনী দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা শাহপীর চিশতী আজিজ (রহ.)-এর মেঝো শাহজাদা শাহ সুফি শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন চিশতীর ইসালে সওয়াব দোয়া মাহফিলে বর্তমান শাহজাদার আমন্ত্রণে উপস্থিত হন জনি। এ সময় গদ্দিনশীন বড় শাহাজাদা ড. শেখ এমদাদুল হক চিশতী তাকে আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন।
পরে বিকেল ৫টায় তিনি বারাহিগুনী গ্রামের মৃত কামাল উদ্দিনের জানাজায় অংশগ্রহণ করেন। তার আগমনকে ঘিরে সর্বস্তরের জনগণ সেখানে ভিড় জমায়।
এ সময় উপস্থিত ছিলেন— ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, সহ-সভাপতি হামিদুল হক মিয়া, যুবদল নেতা জিয়া উদ্দিন সোহাগ, বিএনপি নেতা আবুল হাশেম বাহাদুর, ফেনী জেলা যুবদলের সদস্য মামুন খান, যুবদল নেতা কামরুল ইসলামসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সন্ধ্যা ৭টায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে আবদুল লতিফ জনি বলেন,
“১৯ দফা কর্মসূচির ভিত্তিতেই বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। এবারের জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি ধানের শীষের একজন ক্ষুদ্র কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষ— এই প্রতীকের যে প্রার্থী থাকবেন, তার পক্ষেই সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও নির্দেশনা দেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
