নিজস্ব প্রতিবেদক :
চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকার মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি শুরু করেন ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনরত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, “প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে। এ অবস্থায় আমাদের ধৈর্য ধারণের আর কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল ও ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছি। এর মাধ্যমে দেশের মানুষ ও সরকারের কাছে আমাদের ন্যায্য দাবির কথা পৌঁছে দিতে চাই।”
চাকরিচ্যুত কর্মকর্তাদের ছয় দফা দাবি হলো :
১. চাকরিবিধি লঙ্ঘন করে বিনা কারণে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে।
২. প্রহসনমূলক পরীক্ষা বয়কটের কারণে দেওয়া শাস্তিমূলক বদলি (পানিশমেন্ট ট্রান্সফার) অবিলম্বে বন্ধ করতে হবে।
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
৪. শর্তসাপেক্ষে সব ধরনের অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে।
৫. চট্টগ্রামের কর্মকর্তাদের উপর চালানো মানসিক ও শারীরিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুনর্বহাল করতে হবে।
৬. পরীক্ষা বর্জনের অভিযোগে কর্মকর্তাদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি ও সাইবার ক্রাইমে দায়ের হওয়া হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
