• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

Byadmin

আগস্ট ১৭, ২০২৫

অনলাইন ডেস্ক : বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে নির্দেশনাটি কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে দেওয়া হয়নি। বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তাদেরকে অন্যান্য মিশনে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও সরকারি বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়।

দক্ষিণ এশিয়া, এশিয়া প্যাসিফিক, আফ্রিকা ও ইউরোপের একাধিক মিশনের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, অনেকেই এখনো এ ধরনের কোনো আনুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান জানিয়েছেন যে তারা সরকারের পক্ষ থেকে এমন বার্তা পেয়েছেন।

বিদেশে দায়িত্ব পালনরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঢাকা থেকে আমাদের ফোনে জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। যদিও লিখিত নির্দেশ আসেনি, তবে অন্য মিশনগুলোতেও খবরটি পৌঁছে দেওয়া এবং এর তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে।”

আরেকজন কূটনীতিক জানান, তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে, এখনো দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনে এই নির্দেশ পৌঁছায়নি। তবে যে সব মিশন নির্দেশনা পেয়েছে, তাদের প্রধানরা জানিয়েছেন— শুধু ছবি সরানো নয়, বরং অন্যান্য মিশনকে অবহিত করাসহ এর সঠিক বাস্তবায়নও তারা তদারকি করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights