• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

BySarker

সেপ্টে ১০, ২০২৬

জালিয়াতি ও অনিয়মের অভিযোগের তদন্তের মধ্যেই পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ নিয়ে ডব্লিউএইচও ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলার মধ্যেই তিনি পদ ছাড়লেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গত বছরের শেষ দিকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।

এর আগে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সায়মা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। এরপর ওই বছরের জুলাইয়ে তাকে প্রথমবারের মতো ছুটিতে পাঠানো হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওর কাছে সায়মা ওয়াজেদের আইনজীবীদের পাঠানো গত বছরের ৩ জুলাইয়ের একটি চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে তার বিরুদ্ধে চীন সফরে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।

এ ছাড়া ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে দেওয়া পদত্যাগপত্রের তথ্য অনুযায়ী, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে একটি জমি দখলের অভিযোগও আনা হয়েছিল।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সায়মা ওয়াজেদ। তার দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমির মালিক হন এবং বাংলাদেশের একটি আইনের আওতায় তিনি জমিটি পাওয়ার অধিকারী ছিলেন। ওই আইনে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সুবিধার বিধান ছিল বলে তিনি উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষেত্রে ডব্লিউএইচওর মহাপরিচালকের পক্ষ থেকে তিনি বাধার মুখে পড়েছেন। দীর্ঘদিন অবৈতনিক ছুটিতে থাকায় আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে তিনি জানান।

চিঠিতে ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগও অস্বীকার করেন তিনি। তার আইনজীবীদের মাধ্যমে দেওয়া বক্তব্য অনুযায়ী, ৯০১ ডলারের ওই বিষয়টি ছিল রুটিন রিইম্বার্সমেন্ট আবেদনের সময় একজন সহকারীর করা প্রশাসনিক ভুল।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং বিষয়টি ডব্লিউএইচওর মহাপরিচালককে আগেই জানিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে ডব্লিউএইচও কোনো জবাব দেয়নি। গত মাসে সংস্থাটি জানিয়েছিল, সায়মা ওয়াজেদ ছুটিতে রয়েছেন। তবে গোপনীয়তার কারণ দেখিয়ে তার বিরুদ্ধে চলা অভিযোগ বা তদন্ত নিয়ে বিস্তারিত মন্তব্য করেনি সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউএইচও আনুষ্ঠানিকভাবে তাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে—এমন তথ্য এর আগেই দুটি সূত্র জানিয়েছিল। নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়ায় আগামী ১২ অক্টোবর মনোনয়ন ঘোষণা, ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই এবং ২৪ জানুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছে একটি সূত্র।

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকরা বিশ্ব স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যে অন্যতম। রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে সংস্থার নীতিমালা সমন্বয়ের ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলো পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে আঞ্চলিক পরিচালক নির্বাচন করে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights