• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান

BySarker

সেপ্টে ৯, ২০২৬

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি, খুলনা:

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে প্রচার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু থেকে জীবন রক্ষা ও নিরাপদ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য, প্রতিবেশী ও আশপাশের মানুষকেও সচেতন করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর যথাযথ যত্ন নিতে হবে। পাশাপাশি নিয়মিত পরিবেশ পর্যবেক্ষণের মাধ্যমে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশারির ব্যবহার নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ডেঙ্গু মোকাবিলা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী এবং খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ।

পরে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights