
নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির করা আবেদনেও সাড়া দেননি আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে। অনুমোদন ছাড়া বা নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করে কোনো যানবাহন মহাসড়কে চলতে পারবে না।
আদালতে বিআরটিএর আইনজীবী মো. রাফিউল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ এসব কারিগরি শর্ত লঙ্ঘন করলে তা আইনের ৮০ ও ৮৪ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
তিনি জানান, এ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
বিআরটিএর আইনজীবী আরও বলেন, সড়ক পরিবহন আইনে রুট পারমিট ছাড়া কোনো যানবাহন রাস্তায় চলাচলের সুযোগ নেই। ফলে অনুমোদন ও নির্ধারিত শর্তের বাইরে কোনো বাস চলাচল করতে পারে না।
হাইকোর্টের এ আদেশের ফলে মহাসড়কে স্লিপার বাস চলাচলের বিষয়ে বিআরটিএর অনুমোদন ও বিদ্যমান আইন মেনে চলার বিষয়টি আরও স্পষ্ট হলো।
