
শীর্ষ অপরাধ ডেস্ক: সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে। মর্মান্তিক বিষয় হলো—দেশে ফেরার জন্য তাদের হাতে বিমানের টিকিট থাকলেও আর ফেরা হয়নি।
স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে করে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। নিহত অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাদের পরিচয় শনাক্ত করতে সৌদি আরবে থাকা বাংলাদেশি কমিউনিটির সদস্য ও স্থানীয় প্রশাসন কাজ করছে।
এদিকে দেশে ফেরার পথে বিমানবন্দরে যাওয়ার সময় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও নেমে এসেছে শোকের আবহ।
নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
