• শুক্র. সেপ্টে ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরের তদারকির দায়িত্ব পেলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

BySarker

সেপ্টে ২, ২০২৬

মো শাহাদাত হোসেন তালুকদার সাকুঃ

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিতকরণসহ সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দিয়েছে সরকার। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব পেয়েছেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, বিভিন্ন জেলার সরকারি কার্যক্রমে নজরদারি, তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া অর্থের অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের বিশেষ ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বি এম আশরাফ উদ্দিন নিজান ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এ তিন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তিনি।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তদারকি করবেন দায়িত্বপ্রাপ্তরা।

প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সরকারি ও প্রশাসনিক সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গেজেটে জানানো হয়।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights