• বুধ. আগ ১২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

চাঁদাবাজি মামলায় অব্যাহতি পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী

ByShirso Aparadh

আগ ১২, ২০২৬

মাহমুদুল হাসান রাসেল :
মিরপুর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার একটি আদালত মামলাটিতে তাকে অব্যাহতি দেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, মিরপুর থানার মামলা নম্বর ১৪(৯)১৮, জিআর-১৫০৬৯/১৯ মামলায় মোজাম্মেল হক চৌধুরী নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি মামলাটি থেকে অব্যাহতির আবেদন করেন।

আদালত মামলার বাদী মো. দুলালকে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তিনি আদালতে হাজির হয়ে জানান, তিনি মোজাম্মেল হক চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করেননি এবং তাকে ব্যক্তিগতভাবে চেনেনও না। বাদীর দাবি, মিরপুর রোড পরিবহন শ্রমিক কমিটির দুই নেতা রহিম ও দেলোয়ার পরিবহনে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়েছিলেন। ওই স্বাক্ষরিত কাগজ পরবর্তীতে অপব্যবহার করে মামলা করা হয়ে থাকতে পারে বলে তিনি আদালতকে জানান।

বাদীর বক্তব্য ও জেরা শেষে আদালত মোজাম্মেল হক চৌধুরীকে মামলাটি থেকে অব্যাহতি দেন।

মামলার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাসা থেকে মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছিল বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সময় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট পক্ষের দাবি, পরবর্তীতে ওই মামলাতেও তিনি অব্যাহতি পান।

মোজাম্মেল হক চৌধুরী দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা, গণপরিবহনে শৃঙ্খলা এবং যাত্রীদের ভোগান্তি কমানোর বিষয়ে কাজ করে আসছেন। তার পক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে তৎকালীন সরকারের সময় তিনি রাজনৈতিক ও প্রশাসনিক চাপের মুখে পড়েছিলেন।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর মোজাম্মেল হক চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তার কারাবাসের সময় পাশে থাকা এবং সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নিরাপদ যাতায়াত ও যাত্রীদের ভোগান্তি নিরসনে তার কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights