
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করতে একটি মহল পরিচয় গোপন করে পরিস্থিতিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী উদ্দেশ্যে কিছু গোষ্ঠী বিভিন্ন ইস্যুকে কাজে লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তার দাবি, আন্দোলনে অংশ নেওয়া সবার মধ্যে প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন—এমন ব্যক্তিও রয়েছেন।
তিনি জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে অবস্থান স্পষ্ট করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা পুনরায় পরীক্ষার সুযোগ পাবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাও পরবর্তীতে একই প্রশ্নপত্রে নেওয়া হবে এবং অনুপস্থিত পরীক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে দুটি ভুল প্রশ্নের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের ক্রেডিট হিসেবে দেওয়া হবে। এছাড়া শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কয়েকটি এলাকায় সীমিত পরিসরে আন্দোলন দেখা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে প্রবেশ করে পরীক্ষা স্থগিত বা পরীক্ষা ছাড়াই পাসের মতো সংস্কৃতি তৈরি হয়েছিল। বর্তমান সরকার শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্ত নেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ।
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় নথিপত্র ভারতে পাঠানো হয়েছে এবং ইন্টারপোলের রেড নোটিশও জারি হয়েছে। দেশে ফিরলে তিনি আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশে অবস্থানরত আসামিদের ফেরানোর উদ্যোগ
মন্ত্রী জানান, ভারতে অবস্থানরত তিনজন এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা একজন আসামিকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সরকার।
স্থানীয় সরকার নির্বাচন ও অন্যান্য বিষয়
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে সেপ্টেম্বরের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
রোহিঙ্গা ও আরাকান আর্মি-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার তথ্য সংগ্রহ করছে এবং পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জুলাই আন্দোলনের শহিদের সংখ্যা প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় ৮০০-এর বেশি শহিদের নাম রয়েছে। নতুন তথ্য-প্রমাণ ও ডিএনএ পরীক্ষার ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়তে পারে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়। তিনি জানান, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
