• মঙ্গল. জুলা ১৪, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী

ByShirso aparadh

জুলা ১৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ অবকাঠামোগত ও সেবাগত ত্রুটি সংশোধনের দাবি জানিয়ে পুনরায় পরিদর্শনের আবেদন করেছে। পরিদর্শনে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে হাসপাতালটির বিষয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনার পর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারত।

তিনি জানান, হাসপাতালটির আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি চিহ্নিত করে সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে এবং এ বিষয়ে পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করা হয়েছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শনে ত্রুটি সংশোধনের অগ্রগতি সন্তোষজনক হলে সরকার আইন ও বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আর্থিক সহায়তা দিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা বর্তমানে বিচারাধীন থাকায় বিষয়টি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিষ্পত্তি হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুনরায় পরিদর্শনের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights