
মো. বুলবুল ইসলাম , কুড়িগ্রাম:
মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা জোরদার এবং স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবার সঙ্গে আরও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কুড়িগ্রামে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ জুলাই) কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (SBCC) প্রকল্প কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিসেফের আর্থিক সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP), স্বাস্থ্য সহকারী (HA), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য পরিদর্শক (HI), এমটি-ইপিআই (MT-EPI), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) এবং পরিবারকল্যাণ সহকারীদের (FWA) মাতৃ, নবজাতক ও কিশোর স্বাস্থ্য (Maternal, Newborn Care and Adolescent Health-MNCAH) বিষয়ে ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) মোজাম্মেল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. এস.এম. গোলাম মোহাইমেন, মেডিকেল অফিসার ডা. আবু রায়হান, ডা. আর রাফি তামজিদ, ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাদাত শাহরিয়ার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক আজিজুল হক, প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা গ্যাব্রিয়েল শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবার মানোন্নয়ন এবং নবজাতকের যথাযথ পরিচর্যায় দক্ষ স্বাস্থ্যকর্মীর বিকল্প নেই। পাশাপাশি কিশোর-কিশোরীদের পুষ্টি, মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি।
তারা আরও বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। কমিউনিটি এনগেজমেন্ট জোরদার করা গেলে স্বাস্থ্যসেবার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা আরও বাড়বে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জানায়, ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এসএসবিসি প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় মাতৃস্বাস্থ্য, নবজাতকের যত্ন, শিশুর পুষ্টি, টিকাদান, কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ মাতৃত্ব ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
