• শুক্র. জুলা ১০, ২০২৬

শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ByShirso aparadh

জুলা ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার প্রতিষ্ঠানটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবং বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আশা করছেন, এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।

এদিকে রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, সচিবালয়ে যাতায়াতের পথে প্রধানমন্ত্রী নিয়মিত ওই নিরাপত্তাকর্মীকে ধানের শীষ হাতে শুভেচ্ছা জানাতে দেখতেন। তার এই নীরব ভালোবাসার প্রকাশে মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে উপহার পাঠান।

উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, জীবনে কখনও ভাবেননি প্রধানমন্ত্রী তাকে লক্ষ্য করবেন এবং ব্যক্তিগতভাবে উপহার পাঠাবেন। পাবনার নগরবাড়ির বাসিন্দা আব্দুস সালাম প্রায় আট মাস ধরে ওই এটিএম বুথে দায়িত্ব পালন করছেন। স্ট্রোকের কারণে আগের গাড়িচালকের পেশা ছেড়ে তিনি বর্তমানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন।

অন্যদিকে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সবার আগে বাংলাদেশ” এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights