শাহিন আলম হৃদয়, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজিব বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে সিএনজি স্ট্যান্ডে যাত্রী হয়রানি বন্ধে চালকদের কঠোর বার্তা দেওয়া হয়েছে।
আজ রবিবার উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি এলাকায় অবস্থিত রাজিব বাস কাউন্টারে এই অভিযান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
আদালত সূত্রে জানা যায়, সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক কাউন্টার কর্তৃপক্ষকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
বাস কাউন্টারে অভিযানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী মাদারগঞ্জ সিএনজি স্ট্যান্ডে একটি আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি সিএনজি চালকদের উদ্দেশ্যে স্পষ্ট নির্দেশনা দেন যেন সাধারণ যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়। একই সাথে যাত্রীদের সাথে মার্জিত ও ন্যায্য আচরণ নিশ্চিত করার জন্য চালকদের কঠোরভাবে সতর্ক করেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং যাত্রী হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমন তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
