• মে ৩০, ২০২৬ ৭:০২ অপরাহ্ন

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কালিয়াকৈরে ঈদের ৩ দিন পরও সরেনি কোরবানির বর্জ্য, চরম ভোগান্তি

ByShirso aparadh

মে ৩০, ২০২৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা পার হওয়ার তিন দিন কেটে গেলেও গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকা ও মহাসড়ক থেকে এখনো অপসারণ করা হয়নি কোরবানির পশুর বর্জ্য ও পচা চামড়া। ফলে তীব্র দুর্গন্ধে ওইসব এলাকায় সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত দুষ্কর হয়ে পড়েছে। ক্ষোভ বাড়ছে স্থানীয় জনগণের মনে।

​সরেজমিনে দেখা গেছে, পৌরসভার চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস রোড, আমতলা, বাদশা হাউস এলাকা, চারতলা মাইওয়ান মোড়, সফিপুর বাজার, তানহা হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকা এবং আন্দরমানিক রোডের মাথায় মহাসড়কের ফ্লাইওভারের নিচে ঈদের দিন কোরবানির পশু জবাই করা হয়। এছাড়া চন্দ্রা, হরিতলা ও ডাইনকিনি এলাকার বিভিন্ন স্থানেও বর্জ্যের স্তূপ পড়ে রয়েছে। ঈদের তিন দিন পরও এসব বর্জ্য অপসারণ না করায় বাতাসে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

​চন্দ্রা বাজারের একাধিক ব্যবসায়ী ও বাসিন্দা জানান, ঈদের দিন থেকেই মহাসড়ক ও যত্রতত্র এসব বর্জ্য পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রা বাজারের ইজারাদারের সহকারী শাহজাহান মিয়া ঈদের দিন পশুর চামড়াগুলো মহাসড়কের ওপর স্তূপ করে রাখেন, যা পরবর্তী সময়ে আর সরানো হয়নি।

​এ বিষয়ে সফিপুর বাজারের ইজারাদার মো. নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বর্তমানে এলাকায় নেই, গ্রামের বাড়িতে এসেছি। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।”

​এদিকে তীব্র দুর্গন্ধে নাকাল সাধারণ পথচারী ও তানহা হেলথ কেয়ার হাসপাতালে আসা রোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদের তিন দিন পার হয়ে গেলেও ইজারাদারদের চরম উদাসীনতার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এই বর্জ্য অপসারণের জন্য তারা জোর দাবি জানান।

​বর্জ্য অপসারণের এই বিলম্বের বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার বলেন, “বিষয়টি আগে আমার জানা ছিল না, এইমাত্র অবগত হলাম। জনদুর্ভোগ লাঘবে দ্রুত বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights