নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২৯ মে, ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজেই সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পরিস্থিতি দেখতে বের হন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের পর রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া কতটুকু সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, তা সরাসরি দেখার জন্যই প্রধানমন্ত্রী এই ঝটিকা পরিদর্শনে বেরিয়েছেন। কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি আড়ম্বর ছাড়াই তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন। এমনকি বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামিয়েছেন।
উপ প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হন। এরপর গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা রোড, মালিবাগের আবুল হোটেল, তালতলা মার্কেট হয়ে বাসাবোর দিকে যান।
রুট অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়ি এরপর কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল হয়ে শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ সড়ক দিয়ে নারিন্দা হয়ে রায়সাহেব বাজার মোড় এবং আদালত সড়ক দিয়ে নয়া বাজার ও বংশাল রোড স্পর্শ করে। সেখান থেকে গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছায়।
পরবর্তীতে সায়েন্স ল্যাবরেটরি থেকে ডান দিকে ঘুরে কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ড, ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়ক দিয়ে মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করে। সেখান থেকে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর রাজধানী ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হয়েছে। যার ফলে ৫৫ হাজার টনেরও বেশি বর্জ্য তৈরি হওয়ার প্রাক্কলন করা হয়েছে। এই বিপুল পরিমাণ বর্জ্য দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দিতে গত দুদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি বজায় রাখতে এবং মাঠপর্যায়ের কাজের প্রকৃত চিত্র দেখতেই দেশের সরকারপ্রধান নিজেই রাস্তায় নেমে এই তদারকি করলেন।
